অনলাইন ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে ঢাকা মহানগরীসহ সারাদেশে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনের মাধ্যমে ডেঙ্গু নিয়ে সচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি প্রচার করা হবে।
শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানানো হয়। চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে তৈরি প্রচারপত্র ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিজভী জানান, উপজেলা ও জেলা পর্যায়ের সব হাসপাতালে মশারি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। ডেঙ্গু মোকাবিলায় আরও কিছু উদ্যোগ ও জনসচেতনতামূলক কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউট, গার্ল গাইড ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথা জানানো হয়। রেডিও ও টেলিভিশনের মাধ্যমেও ব্যাপক প্রচারণা চালানো হবে।
ডেঙ্গু প্রতিরোধে বিএনপি ও সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হবে বলে জানান রিজভী। স্কুল, মাদরাসা, কলেজ ও হাটবাজারে আবর্জনা রাখার জন্য নির্দিষ্ট ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কমিটিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে দলীয়ভাবে এসব কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।
বৈঠকে সাংগঠনিক বিষয়েও আলোচনা হয়েছে। দলের বিভিন্ন শূন্য পদে গঠনতন্ত্র অনুযায়ী পদোন্নতির উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। তবে স্থায়ী কমিটির বৈঠকে দলের কাউন্সিল নিয়ে কোনো আলোচনা হয়নি।
এদিকে ২৯ অক্টোবরের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে আগ্রহীদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ এবং ১৬ সেপ্টেম্বর তা জমা দিতে হবে। এরপর ১৮ সেপ্টেম্বর স্থায়ী কমিটির বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।
বৈঠকে বিএনপির নতুন সদস্য আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও ডা. ডোনাও প্রথমবারের মতো অংশ নেন।




