অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, বিশ্বমানের দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে দেশের শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনছে সরকার।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর প্লেনারি সেশনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যপুস্তকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটির মতো আধুনিক বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে কারিগরি শিক্ষাকে মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত করে শিক্ষার্থীদের জন্য তা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বৈশ্বিক কাঠামোর সঙ্গে তাল মেলাতে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে স্টেম শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাত্ত্বিক শিক্ষার সীমাবদ্ধতা কমিয়ে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বাস্তব প্রয়োগভিত্তিক সংস্কার চলছে।
আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক পর্যায়ের চতুর্থ শ্রেণিতে ‘স্পোর্টস’ ও ‘কালচার’ নামে দুটি নতুন বিষয় যুক্ত হবে। ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, যা শিক্ষার্থীদের বাস্তব জীবনের প্রয়োজনীয় ইন্টারপার্সোনাল ও ট্রান্সফারেবল দক্ষতা অর্জনে সহায়তা করবে।
উপদেষ্টা জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণিতে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে। পর্যায়ক্রমে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত দেশের সব স্তরের শিক্ষার্থীর জন্য এ শিক্ষা বাধ্যতামূলক করা হবে।
দেশজুড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াই হাজার অধিভুক্ত প্রতিষ্ঠানে টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাকে কারিকুলামের সঙ্গে যুক্ত করার কাজ চলছে বলেও জানান তিনি।
মাহদী আমিন বলেন, মানসম্মত গবেষণা থেকে উদ্ভাবন, উদ্ভাবন থেকে স্টার্ট-আপ এবং সেখান থেকে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই ইকোসিস্টেম গড়ে তোলা হবে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান ত্বরান্বিত করতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে ‘সেন্টার অব এক্সিলেন্স’ গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশি তরুণদের মেধার প্রশংসা করে তিনি বলেন, উপযুক্ত সুযোগ ও প্ল্যাটফর্ম পেলে তারা বিশ্বমঞ্চে আরও সাফল্য অর্জন করতে পারবেন। বিদেশে কর্মরত দেশীয় বিশেষজ্ঞদের ফেলোশিপের মাধ্যমে দেশের কারিকুলাম ও শিল্প বিকাশে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
‘স্টেম ফর অ্যা ফিচার-রেডি বাংলাদেশ: বিল্ডিং দ্য ব্যাকবোন অব দ্য ইনোভেটিভ ইকোনোমি’ শীর্ষক সেমিনারটি সঞ্চালনা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। আলোচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, ইউনেস্কো ঢাকা অফিসের শিক্ষা প্রধান এস কিয়াং কো, তানভীর মোহাম্মদ এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ম তামিমসহ অন্যরা অংশ নেন।




