অনলাইন ডেস্ক: হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়ার ছেলে অভির বিরুদ্ধে ২৯ নং চরশলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এতে এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর টিফিনের সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে খেলছিল। এ সময় তারা অভিদের বাড়ির সামনে গেলে অভি বাঁশ দিয়ে তাদের মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আব্দুল রাব্বানী ও মোঃ ইসরাফিল আহত হয়।
আহত দুই শিক্ষার্থীকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনমুন আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে আব্দুল রাব্বানীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়েছে।
আব্দুল রাব্বানী জানায়, খেলার সময় অভিদের বাড়ির সামনে গেলে অভি বাঁশ নিয়ে তাদের মারধর করেন। তার কোমরে বাঁশের আঘাত লাগে এবং সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না বলে জানায়।
ইসরাফিলের ভাষ্য, খেলার সময় অভি তাদের গালমন্দ করে বাঁশ দিয়ে মারধর করেন। এতে তার হাতে এবং রাব্বানীর কোমরে আঘাত লাগে বলে সে জানায়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনমুন আক্তার বলেন, টিফিনের সময় শিক্ষার্থীরা মাঠে খেলতে গেলে অভি বাঁশ দিয়ে তাদের মারধর করেন বলে তিনি জানতে পারেন। কয়েকজন শিক্ষার্থী ভয়ে বিদ্যালয় থেকে চলে যায় এবং দুই শিক্ষার্থী গুরুতর আহত হয় বলে জানান তিনি। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলেও জানান প্রধান শিক্ষক।
এক শিক্ষার্থীর অভিভাবক জানান, তার সন্তান হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে তিনি সেখানে যান। অভির বিরুদ্ধে তার ছেলেকে মারধর করে কোমরে আঘাত দেওয়ার অভিযোগ করে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান।




