অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাইমচরে মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার মোট ১০ আসামিকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় হাইমচর থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
হাইমচর থানা পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় একাধিক টিম এ অভিযান চালায়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসার সঙ্গে জড়িত পাঁচজন, পরোয়ানাভুক্ত দুইজন, ছুরিকাঘাতের মামলার একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দুইজন রয়েছেন।
গ্রেপ্তার পাঁচ মাদক ব্যবসায়ী হলেন—নোয়াখালীর কবিরহাটের বাসিন্দা ও বর্তমানে হাইমচরের চরভাঙ্গা এলাকার আনোয়ার বেপারী বাড়িতে বসবাসকারী মোঃ আব্দুল হক সুজন (২৮), চরভাঙ্গার মোঃ ইমান হোসেন শেখ (৩৫), দক্ষিণ চরভৈরবীর মোঃ সাইজ উদ্দিন (৪০), মহজমপুরের মোঃ হাসান গাজী (২৪) এবং ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া এলাকার মোঃ মাসুদ ভূইয়া (৫০)।
ওয়ারেন্টের ভিত্তিতে হাইমচর উপজেলার লামছড়ি এলাকার মোঃ আল আমিন পাটোয়ারী এবং দক্ষিণ আলগী এলাকার মোনালিসা আক্তারকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, মোনালিসা আক্তার একটি ছুরিকাঘাতের মামলার আসামি।
ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় চরভাঙ্গা এলাকার মোঃ রায়হান (২৩), দক্ষিণ আলগী এলাকার সাকিল বেপারী (২২) এবং চরপোড়ামুখি এলাকার কাদির গাজী (৫২)—এই তিনজনকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার ১০ আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
হাইমচর থানা পুলিশ জানিয়েছে, মাদক, অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে। মাদক ব্যবসায়ী, মাদকসেবী, বিভিন্ন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ওসি মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবা বলেন, হাইমচরকে মাদক ও অপরাধমুক্ত রাখতে পুলিশের অভিযান চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দায়িত্ব পালন করছে এবং অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সহযোগিতা প্রত্যাশা করছে।
স্থানীয়দের দাবি, ধারাবাহিক অভিযানে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা আরও জোরদার করার দাবিও জানিয়েছেন তারা।




