অনলাইন ডেস্ক: সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের মুনিরা ভবনের হলরুমে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
অনুষ্ঠানে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ নজর দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে এগিয়ে যাওয়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দেশের উন্নয়ন ও সমাজের পরিবর্তনে শিক্ষিত ও মেধাবী তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শেখ ফরিদ আহম্মেদ মানিক আরও বলেন, শিক্ষার ব্যয় বেড়ে যাওয়ায় অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে কাঙ্ক্ষিত শিক্ষা চালিয়ে যেতে হিমশিম খায়। তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই সহায়তা শুধু আর্থিক সহযোগিতা নয়; এটি তাদের প্রতি সমাজ ও রাষ্ট্রের আস্থার প্রতীক। ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান।
চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন প্রমুখ।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাজসেবা মন্ত্রণালয়ের উদ্যোগে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ৫০ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা শিক্ষা অনুদান দেওয়া হয়।




