অনলাইন ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছাকাছি হুথিদের পাঠানো একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। বুধবার জোটের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই শনাক্ত করে ধ্বংস করা হয়। ড্রোনটির ধ্বংসাবশেষ পরে মক্কার দক্ষিণাঞ্চলে গিয়ে পড়ে।
আল-মালকির দাবি, মক্কাকে লক্ষ্য করে হুথিদের এটি দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই পবিত্র নগরীটির দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল বলে তিনি জানান।
সৌদি জোটের এই মুখপাত্র বলেন, পবিত্র দুই মসজিদ ও হজযাত্রীদের নিরাপত্তা তাদের কাছে ‘রেড লাইন’ বা অলঙ্ঘনীয় বিষয়। এ ধরনের হামলার চেষ্টা প্রতিহত করতে ভবিষ্যতেও প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগের দিন সৌদি জোট জানিয়েছিল, খামিস মুশাইত, আবহা ও তায়েফ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানানো হয়।
ইয়েমেনে ফের তীব্র সংঘাত
দীর্ঘ সময় তুলনামূলক শান্ত থাকার পর চলতি বছরের জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত আবারও তীব্র হয়েছে।
২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা ও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটিতে সংঘাত আরও বিস্তৃত হয়। এর পরের বছর, ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন জানিয়ে সৌদি আরবের নেতৃত্বে আরব জোট ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে।




