অনলাইন ডেস্ক: হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আবু সাঈদ রাসেল পাটওয়ারী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভালো ফলাফলের মাধ্যমে সফলতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান হাসান হাফিজ। তিনি বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পরিবার, সমাজ ও দেশের জন্য শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এ জন্য স্বপ্ন দেখার পাশাপাশি তা বাস্তবায়নে পরিশ্রমী ও আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দেন তিনি।
হাসান হাফিজ আরও বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে। কারণ ভালো মানুষ না হলে সাফল্য মূল্যহীন হয়ে যেতে পারে।
প্রধান শিক্ষক আশিষ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, জলছবির সম্পাদক কবি জামশেদ ওয়াজেদ এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম ফখরুল হাসান।
স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শুকুরুল আলম, ইউনিয়ন বিএনপি নেতা মোবাশ্বের মোল্লা, আব্দুল মমিন, সোহেল, বিল্লাল হোসেন রবিন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. খোরশেদ আলম।
জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান মজুমদার অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন। বক্তব্য শেষে গোল্ডেন এ-প্লাস পাওয়া এক শিক্ষার্থীকে বিদ্যালয়ের সভাপতি আবু সাঈদ রাসেল পাটওয়ারীর পক্ষ থেকে ল্যাপটপ এবং অন্যান্য শিক্ষার্থীদের বই দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী মুশফিকা পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত এবং স্মৃতি মজুমদার গীতা পাঠ করেন। পরে অতিথি ও কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
এ সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজেদুল হক এবং জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।




