অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে কামরুল হাসান রনি নামের এক যুবকের বিরুদ্ধে মাদক সেবন, চাঁদাবাজির চেষ্টা ও নানা অনৈতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁর দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে ফরিদগঞ্জ থানার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ফরিদগঞ্জ পৌর এলাকার গাজীপুর গ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কামরুল হাসান রনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ইয়াবা সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে থানায় লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে বলেও তাঁরা দাবি করেন।
সংক্ষুব্ধ যুবক শাওন পাঠান অভিযোগ করেন, সম্প্রতি স্থানীয় ভূমি কার্যালয়ে গিয়ে কামরুল হাসান রনি ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির চেষ্টা করেন। উপস্থিত ব্যক্তিদের বাধার মুখে তিনি সেখান থেকে চলে যান বলে শাওন পাঠান দাবি করেন।
একই গ্রামের বাসিন্দা শোহরাবসহ কয়েকজন নাগরিক বলেন, সমাজকে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন।
মানববন্ধন চলাকালে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের ঊর্ধ্বতন সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, কামরুল হাসান রনির ইয়াবা সেবনের ভিডিওটি পুলিশ পর্যবেক্ষণ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
অভিযোগের বিষয়ে কামরুল হাসান রনির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।




