অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহার মজুমদার।
মঙ্গলবার বিকেলে তিনি মনপুরা গ্রামের জিন্নত আলী ডাক্তার বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কামাল হোসেন ও তার ভাড়াটিয়া হাফেজ মাওলানা সাইফুল ইসলামের পরিবারের সঙ্গে কথা বলেন।
অগ্নিকাণ্ডে বসতঘর ও মালামাল পুড়ে যাওয়ায় আব্দুল কাহার মজুমদার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। তিনি তাদের সান্ত্বনা দেন ও যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
আব্দুল কাহার মজুমদার বলেন, অগ্নিকাণ্ডের মতো আকস্মিক ঘটনায় একটি পরিবার মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্দশা লাঘবে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় বিএনপি নেতা গোলাম কিবরিয়া, যুবদল নেতা জালাল হোসেন, ছাত্রদল নেতা নাইমুল ইসলামসহ স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
গত রবিবার বিকেল পৌনে ৪টার দিকে মনপুরা গ্রামের জিন্নত আলী ডাক্তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কামাল হোসেন ও তার ভাড়াটিয়া হাফেজ মাওলানা সাইফুল ইসলামের ঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রীসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।




