অনলাইন ডেস্ক: দীর্ঘ প্রায় ছয় বছর ধরে বেহাল ও চলাচলের অনুপযোগী হয়ে থাকা চাঁদপুর সদর উপজেলার নতুন কারাগার (আশিকাটি ইউনিয়ন পরিষদ)–মৈশাদী ইউনিয়ন পরিষদ সড়কের মেরামতকাজ সম্পন্ন হওয়ার পর সড়কটি পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. নূরুজ্জামান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চাঁদপুর সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী।
শনিবার (২৪ অক্টোবর) সকালে পরিদর্শনের সময় প্রকৌশলীরা সড়কের শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরে বিভিন্ন অংশের অবস্থা দেখেন। পুরো সড়কে তেমন সমস্যা না থাকলেও নির্দিষ্ট দুই স্থানে কার্পেটিং ক্ষতিগ্রস্ত ও পিচের স্তর উঠে আসার বিষয়টি তাঁদের নজরে আসে।
উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী বলেন, দুই-এক দিন আগে ওই স্থানে একটি গাড়ির এক্সেল ভেঙে যায়। তাঁর ভাষ্য অনুযায়ী, গাড়িটির অতিরিক্ত ওজনের চাপে কার্পেটিং ক্ষতিগ্রস্ত হয়ে পিচের স্তর উঠে আসে। কিছু মানুষের অসচেতন কর্মকাণ্ডেও ক্ষতি আরও বেড়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, আবহাওয়ার তাপমাত্রা, বিটুমিনের অবস্থা ও সড়কের কারিগরি বিষয় বিবেচনায় কার্পেটিং স্থিতিশীল হতে কয়েক দিন সময় লাগতে পারে। উচ্চ তাপমাত্রা ও কার্পেটিংয়ের ভেতরে আর্দ্রতার কারণে নির্দিষ্ট স্থানটির পিচের স্তর নরম রয়েছে বলেও জানান তিনি।
সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ঠিকাদারকে এক সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত স্থান পরিষ্কার করে প্রয়োজনীয় সংস্কারকাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে উপজেলা প্রকৌশলী জানান।
জানা যায়, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের উদ্যোগে সড়কটির মেরামতকাজ অনুমোদন করা হয়। ২ হাজার ২৪২ মিটার দীর্ঘ সড়কটির মেরামতে ২০২৫-২০২৬ অর্থবছরে চুক্তিমূল্য নির্ধারণ করা হয় ১ কোটি ৮ লাখ ৮০ হাজার ৯৭২ টাকা। কাজটি বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কাজী এন্টারপ্রাইজ। গত ১ অক্টোবর ২০২৬ তারিখে কাজ শেষ হওয়ার পর সড়কটি যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা হয়।
সড়কটি মৈশাদী ইউনিয়ন পরিষদের সঙ্গে বাবুরহাট বাজারের সংযোগ স্থাপন করেছে। একই সঙ্গে মৈশাদী ও রামপুর ইউনিয়নের যোগাযোগের অন্যতম মাধ্যম এটি। দীর্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দ, ভাঙন ও ক্ষতের কারণে যানবাহন চলাচলে দুর্ভোগ ছিল। প্রায় ছয় বছর পর সংস্কার হওয়ায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।




