অনলাইন ডেস্ক: মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের হাইমচরে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলাকালে ৪৪টি অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ ও প্রশাসন। এ সময় ৬ হাজার ৯৭০ মিটার অবৈধ জাল, ৫৫০ কেজি ইলিশ ও ২২টি নৌকা জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার টাকা।
মৎস্য বিভাগের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর সর্বমোট প্রতিবেদনে বলা হয়েছে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হাইমচর উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে ৮৪টি মাছঘাট, ৩৫৯টি আড়ত ও ৬৭টি বাজার পরিদর্শন করা হয়েছে। এ সময় পাঁচটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার করা ৫৫০ কেজি ইলিশের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা।
প্রতিবেদন অনুযায়ী, অভিযানে পাঁচটি মামলা করা হয়েছে। নিয়মিত মামলা হয়েছে ২৯টি এবং নৌ-পুলিশের মাধ্যমে নিয়মিত মামলা হয়েছে ২৭টি। এ ছাড়া ৫৭ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধভাবে ইলিশ ধরার সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে ছিল। নিষেধাজ্ঞার সময়ে নদীতে অবৈধভাবে মাছ ধরা, ইলিশ পরিবহন, মজুত ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। ইলিশের প্রজনন রক্ষা ও জেলেদের সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা কার্যকর ছিল। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ ছিল।




