অনলাইন ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হবে। এদিন বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভা কক্ষে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
সাংবাদিকদের সামনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে।
প্রতিষ্ঠানগুলো অনলাইনে পাওয়া ফলাফল ডাউনলোড করে প্রকাশ করতে ওয়েবসাইটের Result কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা eduboardresults.gov.bd, educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন।
এ ছাড়া যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে SMS পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য HSC, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন।




