অনলাইন ডেস্ক: ওয়াইডাব্লিউসিএ অব চাঁদপুর ও সরকারি স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর উদ্যোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চর্মরোগীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ছেংগারচর পৌরসভার ঠাকুরচর আইয়ুব আলী সরকার কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে ক্যাম্পের উদ্বোধন করেন চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রোটারিয়ান ডা. একেএম মাহবুবুর রহমান। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ কার্যক্রমে দুই শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা পান। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের মধ্যে ওষুধ বিতরণ করা হয়।
চিকিৎসাসেবা ও সচেতনতা
ক্যাম্পে সাধারণ ও দুস্থ রোগীদের চর্মরোগ বিষয়ে চিকিৎসা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। কুষ্ঠ ও জটিল চর্মরোগ সম্পর্কে সচেতনতা বাড়াতেও রোগীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাস। চিকিৎসাসেবা দেন চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডা. মোঃ মেহেদী হাসান, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. মোবারক হোসেন এবং মেডিকেল অফিসার জেসমিন আক্তার রিমা।
এ সময় ওয়াইডাব্লিউসিএ অব চাঁদপুরের সাধারণ সম্পাদক পাপড়ি বর্মন, প্রজেক্ট ফোকাল তপন চৌধুরী, ফিল্ড ওয়ার্কার টিনা চৌধুরী, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের বক্তব্য
রোটারিয়ান ডা. একেএম মাহবুবুর রহমান বলেন, অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না এমন মানুষের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালু রাখার কথা জানান তিনি।
চিকিৎসা নিতে আসা জাহাঙ্গীর আলম বলেন, বিনামূল্যে চিকিৎসা পেয়ে তারা উপকৃত হয়েছেন এবং চিকিৎসকেরা যত্নসহকারে রোগী দেখেছেন।




