অনলাইন ডেস্ক: মাদক, কিশোর গ্যাং, সামাজিক অপরাধ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ইউনিয়নের মোল্লার বাজার সংলগ্ন ২৮নং পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাইকদি-ভাটেরগাঁও মাদক নির্মূল কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল সিদ্দিক মাদক-সংশ্লিষ্ট অপরাধের সম্ভাব্য শাস্তি সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, অপরাধের তাৎক্ষণিক বিচার না হলে নতুন সমস্যার সৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, মাদকাসক্ত ব্যক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ছিনতাই, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে পারে। প্রতিবেশী কেউ খারাপ পথে গেলে তার প্রভাব পরিবার ও সমাজেও পড়তে পারে। তাই মাদক প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, মাদক থেকে ইভটিজিং, হামলা ও কিশোর গ্যাংসহ নানা অপরাধের উৎপত্তি হয়। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স এবং এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
কিশোর গ্যাংয়ের প্রসঙ্গে তিনি বলেন, অল্পবয়সী কিশোরদের দলবদ্ধ হয়ে বয়স্ক মানুষের ওপর হামলার মতো ঘটনা প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়েরুল কবীর, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, আল-আরাফাহ্ হজ কাফেলার চেয়ারম্যান শরিক পাটোয়ারী, মানিক মিয়া, আবদুল বাকী ও আক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউসুফ আলী, থানার সেকেন্ড অফিসার ফেদাউস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের প্রতিনিধিদল এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ তানভীর।
আলোচনা সভা শেষে ২৮নং পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মোল্লার বাজার পর্যন্ত মাদকবিরোধী র্যালি বের করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ ও শিক্ষার্থীরা অংশ নেন।
আয়োজকদের মতে, মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলাই কর্মসূচিটির মূল লক্ষ্য।




