অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়া উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জনসাধারণের দুর্ভোগ লাঘব এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সড়ক পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. খায়রুল আবেদীন স্বপন।
শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী তিনি পশ্চিম বিতারার ৮ নম্বর ওয়ার্ডের শিলাস্থান, নিন্দপুর ও টেলিগ্রাম এবং পূর্ব বিতারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অভয়পাড়া ও বিতারা গ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এলাকার সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাব্য উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে খোঁজ নেন। পশ্চিম বিতারার শিলাস্থান, নিন্দপুর ও টেলিগ্রাম গ্রামে তিনি শিলাস্থান গ্রামের যুবদল নেতা মুন্সী শাখাওয়াত হোসেনের বাড়ির রাস্তা, মজুমদার বাড়ির রাস্তা, পশ্চিমপাড়া কাজী বাড়ির রাস্তা এবং নিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানের সমস্যা দেখেন।
স্থানীয়দের সঙ্গে আলোচনায় তিনি যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও চলাচলের সুবিধার বিষয়ে মতবিনিময় করেন এবং এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন। খায়রুল আবেদীন স্বপন বলেন, জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো পর্যায়ক্রমে চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপির মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। এলাকার সার্বিক উন্নয়নে স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
বিকেলে পূর্ব বিতারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অভয়পাড়া ও বিতারা গ্রামের সম্ভাব্য উন্নয়নকাজের স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে রাস্তাঘাটের সমস্যা এবং অভয়পাড়া গ্রামের মাঝামাঝি বিলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের উদ্যোগসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে কচুয়া উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের সঙ্গে সরাসরি কথা বলে সমস্যা চিহ্নিত করা এবং অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা নেওয়ার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মী ও বাসিন্দারা।




