অনলাইন ডেস্ক: “বন্ধুত্বের ঐক্য গড়ে, সেবার সুড়ঙ্গ পথে হাঁটবো” এই স্লোগানে উজ্জীবিত বাংলাদেশ সরকারের নিবন্ধিত স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে নিয়োজিত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থার আয়োজনে ২০২৬ সালের ১৩তম বর্ণ প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান ২৮ নভেম্বর শনিবার মতলব উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আল আমিন মিয়াজী। কার্যনির্বাহী পরিষদের সভাপতি ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য শাফিন আহমেদ এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী সুজানা।
বক্তাদের বক্তব্য
প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল অঙ্গীকার প্রতিদিনের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি আশরাফুর রহমান বাবু। তিনি বলেন, ২০১৩ সালে মতলবের দগরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত অঙ্গীকার বন্ধু সংগঠন স্কুল অঙ্গন ছাড়িয়ে উপজেলা ও জেলাব্যাপী কার্যক্রম বিস্তার করেছে। স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজের পাশাপাশি বর্ণ প্রতিযোগিতার আয়োজনকে তিনি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
আশরাফুর রহমান বাবু বলেন, বর্ণ প্রতিযোগিতা কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে সহায়ক। প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন তাদের ভিত্তি শক্ত করতে এবং মেধা অন্বেষণে ভূমিকা রাখে। সংগঠনের ভালো কাজ এগিয়ে নিতে নিজের অবস্থান থেকে সহযোগিতার কথা জানান তিনি। অভিভাবকদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জজ কোর্টের এপিপি ও সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এডভোকেট আব্দুল মান্নান মিয়াজী, মতলব দক্ষিণ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অলিউল্লাহ এবং সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলার সভাপতি ও সাংবাদিক সাইয়্যেদুল আরেফিন শ্যামল। তারা সংগঠনের স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অভিভাবকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন আলমাছ মিয়া। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের পরিচয় উপস্থাপনের পাশাপাশি কবিতা আবৃত্তি করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য কাজল কুমার দেব এবং মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও ক্রীড়া সংগঠক মোঃ ফয়সাল খন্দকার।
বক্তারা জানান, করোনাকালীন সময়ে উপজেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে অঙ্গীকার বন্ধু সংগঠনের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। বিভিন্ন দুর্যোগের সময়ও সংগঠনটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিল বলে তারা উল্লেখ করেন। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সংগঠনটি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সংগঠনের পক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন মতলব দক্ষিণ উপজেলা কার্যনির্বাহী পরিষদের আহবায়ক ও এলিট পরিষদের সদস্য জয়ন্তী ভৌমিক এবং কার্যনির্বাহী পরিষদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিহাদুল ইসলাম। অনুষ্ঠানে সংগঠনের সহসভাপতি পারভেজ আলম প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সৈকত তালুকদার, মতলব দক্ষিণ উপজেলা কার্যনির্বাহী পরিষদের সদস্য সচিব মোঃ কামরুল হাসানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।




