অনলাইন ডেস্ক: চাঁদপুরে এই প্রথম সদর ও হাইমচর উপজেলার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭৯ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
অনুষ্ঠানে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং মেধাবী শিক্ষার্থীরাই চাঁদপুরের মেরুদণ্ড। তাঁদের মেধা, পরিশ্রম, অধ্যবসায় ও সাফল্য ভবিষ্যৎ নিয়ে আশাবাদ তৈরি করে। সঠিক দিকনির্দেশনা, মানসম্মত শিক্ষা ও অনুকূল পরিবেশ পেলে তাঁরা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, শুধু জিপিএ-৫ অর্জন নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ধর্মীয় চর্চার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
শেখ ফরিদ আহমেদ মানিক জানান, জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭৩ জন এবং হাইমচর উপজেলার ৬ জনসহ মোট ৭৯ জনকে অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হচ্ছে।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. আবদুল মাননানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হাসান, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানসহ অতিথিরা বক্তব্য দেন।
অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যেও বক্তব্য ও অনুভূতি প্রকাশ করা হয়। আলোচনা সভা শেষে প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিক ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ৭৯ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হাতে সংবর্ধনা তুলে দেন।




