স্টাফ রিপোর্টার: চাঁদপুরে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি অনলাইন প্রতারক চক্রের ৪ জন সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।
এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ৪৬টি সিম কার্ড (যার মধ্যে ০২টি ভারতীয় সিম কার্ড) ও নগদ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রতারক চক্রটি ফেসবুক থেকে বিভিন্ন ভিডিও ও ছবি সংগ্রহ করে এডিট করে ফেক ফেসবুক পেইজ ও ফেক হোয়াটসঅ্যাপ আইডি খুলত। এরপর সেসব পেইজে ইলিশ মাছসহ ফার্নিচার, কলম, জুতা, বেবি টয়, অনলাইন জব ইত্যাদি পণ্য বিক্রির ভিডিও, শর্ট রিল ও ফেক কমেন্টস তৈরি করে লোভনীয় অফার ও আকর্ষণীয় বিজ্ঞাপন পোস্টের মাধ্যমে জনসাধারণের কাছে ব্যাপকভাবে ছড়িয়ে দিতো।
ক্রেতাদের সাথে যোগাযোগে তারা অন্যজনের নামে নিবন্ধিত সিম ব্যবহার করতো এবং মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো বা সরাসরি অডিও কলে নাহিদ, জাবেদ, সনি মিয়া, হাজী আঃ কাদের, সাকিব ইত্যাদি ভুয়া নামে নিজেদের প্রকৃত ব্যবসায়ী হিসেবে জাহির করত। প্রতারণাকে বিশ্বাসযোগ্য করতে তারা ভুয়া ঠিকানা, ভুয়া জাতীয় পরিচয়পত্র ও ভুয়া ট্রেড লাইসেন্স দেখিয়ে নকল ভাউচার তৈরি করতো। অথচ গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার পর মালামাল সরবরাহ না করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিল।
এঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা নং-১১১, জিআর- ৯৭৮/২৬, তারিখ-২১/০৮/২০২৬ইং, ধারা-২১ সাইবার সুরক্ষা আইন, ২০২৬ তৎসহ ৪০৬/৪২০ পেনাল কোডে এবং মামলা নং-০৫, জিআর-১০২৪/২৬, তারিখ-০১/০৯/২০২৬ইং, ধারা-২১/২২ সাইবার সুরক্ষা আইন, ২০২৬ তৎসহ ৪০৬/৪২০ পেনাল কোডে পৃথক দুটি মামলা রুজু হয়।
মামলা দু”টির সূত্র ধরে চাঁদপুর জেলা পুলিশের এলআইসি শাখা ও ডিবি তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের সনাক্ত করে নড়াইল জেলার কালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলো- ১/ ফুরকান শেখ (২৫), পিতা-ইকতার, মাতা-জয়তুন বেগম, সাং-আমতলা, কলামনখালী, ৫নং ওয়ার্ড,
২/ চান মিয়া ওরফে চান্দু শেখ (২৫), পিতা-মৃত মোশারফ শেখ ওরফে মোশাই, সাং-নওয়াগ্রাম (শেখ বাড়ি, মধ্যপাড়া), ৩নং ওয়ার্ড,
৩/ রাতুল হোসেন নবেল (২৫), পিতা-সরোয়ার শেখ, সাং-নওয়াগ্রাম (শেখ বাড়ি, মধ্য পাড়া), ৩নং ওয়ার্ড,
৪/ শহিদুল শেখ (২৩), পিতা-দিদার শেখ, সাং-নওয়াগ্রাম (শেখ বাড়ি, মধ্যপাড়া), ৩নং ওয়ার্ড, এদের সবার বাড়ি নড়াইল জেলার কালিয়া থানাধীন সংশ্লিষ্ট ইউনিয়নে।
মামলাটি সর্বোচ্চ গুরুত্ব ও পেশাদারিত্বের সাথে তদন্তাধীন রয়েছে। অনলাইনে প্রতারণা রোধে চাঁদপুর জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।




