চাঁদপুর প্রতিনিধি। চাঁদপুরে আন্ত:জেলা ৭ ডাকাত সদস্যকে পুলিশ আটক করেছে। গতকাল বুধবার ঢাকার গাজীপুর ও লক্ষ্মীপুর জেলায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৫শ” ৬৫ প্যাকেট সিগারেট, ৫টি মোবাইল ফোন ও নগদ সাড়ে ১০ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব।
তিনি সংবাদ সম্মেলনে জানান, চাঁদপুরের শাহরাস্তি থানাধীন ঠাকুর বাজারে গত ৮ জুলাই রাতে মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা সংঘটিত হয়। ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শাহারাস্তি থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা ও গাজীপুর জেলা থেকে আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে পুলিশ আটক করে। তাদের দেওয়া তথ্য মতে পরবর্তীতে লক্ষ্মীপুর জেলা থেকে অন্ত:জেলা এক ডাকাত সদস্যকে আটক করা হয়। আটক ডাকাত সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ইতিপূর্বে কয়েকটি ডাকাতির মামলা রয়েছে।




