ষ্টাফ রিপোর্টার: চাঁদপুরে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, শপথ গ্রহন, যুব পুরস্কার, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে যুব দিবসে কর্মসূচির যৌথ আয়োজন করে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন , যুবকরা দেশ ও সমাজকে বদলে দিতে পারে। বছর জুড়ে কাজের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে। মিছিল মিটিং করে এর পরিবর্তন করা যায় না।
করোনার সময় মানুষ যখন গৃহবন্দি ছিল, তখন এই যুবকরাই ভূমিকা রেখেছে। গতবছর বন্যায়ও যুবকরা ভূমিকা রেখেছে। জুলাই আন্দোলনে সড়কে যুবকদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। অপরাধের সাথে সম্পৃক্ত যুবকদের আমরা চাই না। আমরা চাই সেই যুবক, যে যুবক সমাজ, দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।
তিনি আরো বলেন, যৌবন থাকতে আপনার ভাগ্য আপনাকেই বদলাতে হবে। সারাদেশের সাথে প্রতিযোগিতা করার যোগ্যতা অর্জন করতে হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কফিল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: লুৎফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত।
এসময় জেলা ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, যুব উন্নয়নে প্রশিক্ষণ প্রাপ্ত সফল যুবক ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




