স্টাফ রিপোর্টার: চাঁদপুরে ধানের শীষ প্রতীকের সমর্থনে গণমিছিল করেছে জেলা জমিয়তে ওলামায়ে ইসলাম। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জমিয়তে ওলামায়ে ইসলাম চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা শরিফ বিল্লাহ।
মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্যে অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম বলেন, জমিয়তে ওলামায়ে ইসলাম দেশের কওমি মাদরাসাভিত্তিক আলেমদের একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। তিনি আরও বলেন, কওমি মাদরাসা ও জমিয়ত দীর্ঘদিন ধরে ইসলামের মূলধারার মূল্যবোধ সংরক্ষণ ও প্রচারে ভূমিকা রেখে চলেছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা, প্রচার সম্পাদক মাওলানা শরিফ বিল্লাহ কাসেমী, যুব জমিয়তের সদস্য মাওলানা মাজহারুল ইসলাম, জেলা ছাত্র জমিয়তের সাবেক সেক্রেটারি ও সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতি সাব্বির আহমেদ, ছাত্র জমিয়ত জেলা সেক্রেটারি নুরুল আমীন এবং প্রচার সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




