স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে মতবিনিময় সভা করেছে জেলা জাতীয় পার্টি। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, ছাত্রজীবন থেকেই আদর্শকে সামনে রেখে রাজনীতিতে যুক্ত আছি। দল, দেশ ও দেশের মাটির প্রতি আমার গভীর টান রয়েছে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের প্রতি ভালোবাসার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, দেশের মাটির প্রতি তাঁর আবেগ ও দায়বদ্ধতা সবারই জানা।
শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, এই এলাকাতেই আমার জন্ম ও বেড়ে ওঠা। এখানেই আমার শিক্ষা ও কর্মজীবনের শুরু। আপনাদের সামনে স্পষ্টভাবে বলতে চাই, আজ পর্যন্ত কোনো অন্যায় বা অপরাধের সঙ্গে আমি জড়িত ছিলাম না। আমি আপনাদেরই সন্তান, আর সন্তান হিসেবেই আপনাদের সেবা করতে চাই।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা আমাকে বিজয়ী করবেন। তিনি বলেন, এই প্রতীক শুধু একটি দল নয়, এটি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। নির্বাচনে বিজয়ী হলে চাঁদপুরবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ মো. সিরাজুল ইসলাম সিরু মিজির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওলানা জাকির হোসেন হিরু, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক শাহাজান মাতব্বর, হাইমচর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে চাঁদপুর শহরের বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন। এতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে এবং ধানের শীষের পক্ষে জনসমর্থনের চিত্র ফুটে ওঠে।
সভায় জাতীয় পার্টির সদর ও হাইমচর উপজেলার নেতারা পৃথক বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি তাদের পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবং নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




