স্টাফ রিপোর্টার: শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, শিক্ষকদের দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তবে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ঈদ বোনাসের বিষয়ে তিনি বলেন, শতভাগ বোনাসের দাবি পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। “আমরা দুর্নীতি করবো না এবং কাউকে করতেও দেব না,” -যোগ করেন তিনি।




