শনিবার রাতে চাঁদপুরে ডিস্ট্রিবিউটর অফিস থেকে দিনের বিক্রির টাকা নিয়ে বাসায় ফেরার পথে জানে আলম নামে এক ব্যবসায়ীর ওপর হামলা করে সঙ্গে থাকা পুরো টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বাসস্ট্যান্ট ইলিশ চত্বরের পশ্চিম পাশে হামদর্দ বিল্ডিং এলাকায় বাসার সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
জানা গেছে, ছিনতাইকারীরা জানে আলমকে মারধর করলে তাঁর মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি নিজ বাসায় ফিরে যান।
ব্যবসায়ীদের উদ্বেগ
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ব্যবসায়ী মহলে উদ্বেগ তৈরি হয়েছে। প্রকাশ্য এলাকায় একজন ব্যবসায়ী নেতার ওপর হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
সূত্র: দৈনিক আদি বাংলা




