অনলাইন ডেস্ক: স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইন অনুযায়ী যোগ্য ব্যক্তিরাই নির্বাচন করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনি প্রশিক্ষণ কোর্সে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।
নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা প্রসঙ্গে সিইসি বলেন, আইন অনুযায়ী যারা যোগ্য হবেন, তারাই নির্বাচন করতে পারবেন।
নির্বাচনের প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
এএমএম নাসির উদ্দিন বলেন, সুন্দর নির্বাচন আয়োজনের ক্ষেত্রে পুলিশের সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে। নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলেও জানান তিনি।
সিইসি আরও বলেন, নির্বাচন নিয়ে মানুষের আস্থা ফিরে এসেছে। পুলিশের ওপর আস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।




