অনলাইন ডেস্ক: বাংলাদেশ অ-২১ হকি দল গত বছর যুব হকিতে বিশ্বকাপ খেলেছিল। এবার সেই লক্ষ্যে যুব এশিয়া কাপে গেলেও তা পূরণ হয়নি। চীনের মকিতে স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৬-২ গোলে হেরে বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। জাপানকে হারাতে পারলে বাংলাদেশ ষষ্ঠ স্থান নিশ্চিতের পাশাপাশি আগামী আসরের বিশ্বকাপেও খেলতে পারত।
এবার যুব হকির এশিয়া কাপে বাংলাদেশ প্রত্যাশিত ফল পায়নি। গ্রুপ পর্বে দলটি শুধু কাজাখস্তানের বিপক্ষে জয় পেয়েছে। বাকি তিন ম্যাচে হারের পর স্থান নির্ধারণী ম্যাচে শক্তিশালী জাপানের মুখোমুখি হয় তারা। পাকিস্তানের কাছে হারের পর কোচ মওদুদুর রহমান শুভ জাপানকে হারিয়ে বিশ্বকাপে খেলার আশা প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ হয়নি।
ম্যাচজুড়েই জাপান প্রাধান্য বিস্তার করে খেলেছে। প্রথম কোয়ার্টারে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর ধীরে ধীরে বাংলাদেশের ওপর চাপ বাড়ায় তারা। এক পর্যায়ে ব্যবধান দাঁড়ায় ৪-০। শেষ পর্যন্ত ৬-২ গোলে জয় পায় জাপান। এই হারে বাংলাদেশকে এখন সপ্তম স্থানের জন্য লড়তে হবে।
যুব এশিয়া কাপের গত আসর থেকে শীর্ষ ছয় দল বিশ্বকাপে খেলার সুযোগ পায়। গতবার বাংলাদেশ ওমানে পঞ্চম স্থান অর্জন করে বিশ্বকাপ নিশ্চিত করেছিল। এবার যুব দলের জন্য বিদেশি কোচ নিয়োগ দেওয়া হলেও সাফল্য আসেনি। আমিরুল, সামিন ও রকির মতো খেলোয়াড়রা এই দলে ছিলেন না।




