30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারাদেশের মানুষের সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে এলে কোনো বাধাই অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী তিন মাস সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে বলে জানান তিনি। শতভাগ নির্মূল সম্ভব না হলেও কার্যকর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা থাকবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

দেশের তরুণ ও শিক্ষার্থীদের রাষ্ট্র পুনর্গঠনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি দেশের বড় তরুণ সমাজ পরিবর্তনে এগিয়ে এলে তা সম্ভব। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজের পরিবর্তনের সক্ষমতা সারা বিশ্ব দেখেছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ এবং বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। প্রাথমিক স্কুল-মাদ্রাসা, হাইস্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় কোটি; প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ এ সংখ্যা প্রায় আড়াই কোটি। এই বিপুলসংখ্যক মানুষ দেশ পুনর্গঠনে কাজ করলে কাউকে তা ঠেকিয়ে রাখা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি’ বার্তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিক প্রতি সপ্তাহে এক ঘণ্টা নিজ আঙিনা ও আশপাশ পরিচ্ছন্ন রাখলে সামগ্রিক পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আসবে।

অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী প্রদর্শনী স্টলগুলো ঘুরে দেখেন এবং উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ১২ সেপ্টেম্বর শুরু হওয়া বিশেষ অভিযানটি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে একযোগে চলবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ