অনলাইন ডেস্ক: দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে মাঠপর্যায়ের ভোটগ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর পর্যায়ক্রমে কয়েকটি ধাপে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
বর্তমান আইনেই নির্বাচন পরিচালনার প্রস্তুতি
বিদ্যমান আইনি কাঠামো নিয়ে নির্বাচন কমিশনার বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আইন সংশোধনের বিষয়ে নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না এলে বর্তমান আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা করা হবে। তাঁর ভাষ্য, এতে নির্ধারিত সময়ে ভোট আয়োজনের ক্ষেত্রে কোনো আইনি বা কার্যগত জটিলতা থাকবে না।




