স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া শ্রমিকদল নেতা মো. শাহজাহান গাজীর পরিত্যক্ত বসতঘর পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ। রোববার (১৮ অক্টোবর) অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত ঘরটি ঘুরে দেখেন।
এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরের মালিক মো. শাহজাহান গাজীর সঙ্গে কথা বলেন এবং আগুনে পুড়ে যাওয়া ঘর ও আসবাবপত্রের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল ৩টার দিকে শাহজাহান গাজীর পরিত্যক্ত বসতঘরটিতে আগুন লাগে। এতে ঘরটি সম্পূর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি একটি বক্স খাট, দুটি সোফা সেটসহ বিভিন্ন মালামাল ভস্মীভূত হয়। ঘরের মালিকের দাবি, এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
ঘটনাস্থল পরিদর্শনকালে স্বপন মাহমুদের সঙ্গে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে খোঁজ নেন এবং ক্ষতিগ্রস্ত ঘরের পরিস্থিতি দেখেন।
পরিদর্শন শেষে স্বপন মাহমুদ বলেন, অগ্নিকাণ্ডে বসতঘর ও মালামাল পুড়ে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি ঘটনাস্থলে এসে ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সাধ্যমতো উদ্যোগ নিতে চাই। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখাও প্রয়োজন।




