অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে একটি ঘনবসতিপূর্ণ এলাকায় মোবাইল ফোন অপারেটর রবির নেটওয়ার্ক টাওয়ার নির্মাণকাজ বন্ধ ও তা বাতিলের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের বেগের বাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জনবসতিপূর্ণ এলাকায় মোবাইল টাওয়ার স্থাপন করা হলে মানবস্বাস্থ্য, শিশু ও বৃদ্ধদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। টাওয়ার থেকে নির্গত তড়িৎ-চৌম্বকীয় বিকিরণের কারণে পরিবেশে দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়তে পারে বলেও তাঁরা উদ্বেগ জানান।
স্থানীয়দের পক্ষে মহিউদ্দিন টাওয়ার নির্মাণকাজ স্থায়ীভাবে স্থগিত এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এলাকাবাসীর গণস্বাক্ষরসংবলিত লিখিত আবেদন জমা দিয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের বেগের বাড়ির ইসমাইল বেগের জমিতে সম্প্রতি টাওয়ার নির্মাণ শুরু হয়েছে। শুরু থেকেই এলাকাবাসী এর প্রতিবাদ জানালেও কাজ অব্যাহত রয়েছে। এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একাধিকবার আলোচনা হলেও নির্মাণকাজ থামেনি বলে তাঁরা জানান।
টাওয়ার স্থাপনে বিটিআরসি নির্ধারিত বিধিমালা, নিরাপত্তার মানদণ্ড ও পরিবেশগত ছাড়পত্র যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিয়েও স্থানীয়রা প্রশ্ন তুলেছেন।
মানববন্ধনে সাইফুল ইসলাম, মহিউদ্দিন, নুর নবী বেপারি, রাফিয়া বেগম, সানজিদা আক্তার, রাবেয়া বেগম ও আছিয়া আক্তার বক্তব্য দেন।
বক্তারা বিতর্কিত স্থানে টাওয়ার নির্মাণকাজ স্থায়ীভাবে বন্ধ এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।




