অনলাইন ডেস্ক: লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাইসা আক্তার নামের দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রাইসা ওই বাড়ির খোকন মিয়ার মেয়ে এবং সিরাজ মিয়ার নাতনি। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘুম থেকে উঠে মাকে খুঁজতে ঘর থেকে বের হয় শিশুটি। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরপাড়ে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সে।
কিছুক্ষণ পর রাইসাকে দেখতে না পেয়ে তার মা লাকী বেগম খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাঁর আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বাড়ির পেছনের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি রাইসাকে মৃত ঘোষণা করেন।
এরপর শিশুটির চাচা সুমন হোসেন তাকে পার্শ্ববর্তী চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।
ভোলাকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাঈন উদ্দিন কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, মাকে খুঁজতে গিয়ে শিশুটি পুকুরের পানিতে পড়ে মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




