অনলাইন ডেস্ক: মাত্র ১০ বছর বয়সে পবিত্র কুরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে খুদে শিক্ষার্থী মো. আশ্রাফ আহমেদ নবীন।
আশ্রাফ চাঁদপুর শহরের পুরান বাজারের পশ্চিম শ্রীরামদী এলাকার আব্দুল জলিলের ছেলে। সে পূর্ব শ্রীরামদীর ব্রিজের গোড়ার পশ্চিম পাশে অবস্থিত উসমান ইবনে আফফান (রা.) মডেল মাদরাসার হিফজ বিভাগ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
মাদরাসা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৮ জানুয়ারি আশ্রাফ হিফজ শুরু করে ২০২৬ সালের ২৮ অক্টোবর তা সম্পন্ন করে। এক বছর ৯ মাস ১০ দিনের প্রচেষ্টায় সে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করেছে।
আশ্রাফের হিফজ সম্পন্ন উপলক্ষে মাদরাসার পক্ষ থেকে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শোকরিয়া আদায় এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মোনাজাত করা হয়। এ সময় আশ্রাফের মা-বাবা ও হিফজের পেছনে ভূমিকা রাখা উস্তাদদের অবদান স্মরণ করা হয়।
মাদরাসার হিফজ বিভাগের প্রধান উস্তাদ হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ বলেন, ১০ বছর বয়সে আশ্রাফের ৩০ পারা হিফজ সম্পন্ন করা আনন্দের বিষয়। তার মতে, এই অর্জনের পেছনে আশ্রাফের অধ্যবসায়, মা-বাবার সহযোগিতা ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টা রয়েছে।
মাদরাসা কর্তৃপক্ষ আশ্রাফকে মোবারকবাদ জানিয়েছে। একই সঙ্গে তাকে কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তাওফিক দেওয়ার জন্য দোয়া করা হয়।




