অনলাইন ডেস্ক: চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ষোলঘর বিটি রোড এলাকায় জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে ফারজানা ইসলাম (৩৭) নামের এক বিধবা নারী ও তার ১৩ বছরের ছেলেকে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী তার দেবর ও ভাড়াটিয়াসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বেলা ১১টার দিকে ষোলঘরের খান বাড়িতে হামলার ঘটনা ঘটে। ফারজানার অভিযোগ, এর আগে ২৭ অক্টোবর দুপুরে তার ছেলে তালহা ইবনে আলিফকেও মারধর করা হয়। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ফারজানা ইসলাম ওই বাড়ির মৃত ইউসুফ খানের স্ত্রী। তার স্বামী ২০২৩ সালে সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর থেকে একটি পক্ষ তাকে বসতঘর ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল বলে তিনি অভিযোগ করেন।
ফারজানার দাবি, তার দেবর ইসমাইল খান ওরফে কবু, মামা-শ্বশুর আক্কাছ গাজী এবং আক্কাছের ছেলে রফিকুল ইসলাম ইকবাল তাকে বিভিন্নভাবে হয়রানি করছেন। ভাড়াটিয়া রুবেল খান ও তার বাবাকে দিয়েও তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার দিন অভিযুক্তরা লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন বলে ফারজানা জানান। এতে তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
অভিযুক্তদের দাবি, জায়গাটি সরকারি জমি এবং ফারজানাকে সেখান থেকে চলে যেতে হবে। তবে ফারজানার পালটা অভিযোগ, জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যেই তাকে ও তার নাবালক সন্তানকে ঘরছাড়া করতে হামলা করা হয়েছে।
ফারজানা ইসলাম বলেন, স্বামীহারা অবস্থায় একমাত্র সন্তানকে নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তিনি।




