অনলাইন ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের মালরা গ্রামের গিয়াস উদ্দিন প্রায় ১ কোটি টাকা বিনিয়োগে গড়ে তুলেছেন সমন্বিত খামার। ২০১৯ সালে যাত্রা শুরু করা এ খামারে রয়েছে গরু, মুরগি, মাছ, বায়োগ্যাস ও সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা।
বর্তমানে খামারে ৩১টি গরু ও প্রায় ২ হাজার ৭০০টি মুরগি রয়েছে। ১৩টি গাভি থেকে প্রতিদিন প্রায় ১৩০ লিটার দুধ এবং মুরগি থেকে প্রায় ১ হাজার ৮০০টি ডিম উৎপাদিত হচ্ছে। উৎপাদিত বায়োগ্যাস গত তিন বছর ধরে আশপাশের ১৬টি পরিবারে সরবরাহ করছেন গিয়াস উদ্দিন। খামারটিতে সাতজন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।
৯ হাজার ৬০০ ওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তবে গিয়াস উদ্দিনের অভিযোগ, প্রায় সাত মাস ধরে বিদ্যুৎ সরবরাহ করলেও পল্লী বিদ্যুৎ সমিতি থেকে তিনি কোনো বিল বা অর্থ পাননি।
এদিকে গরু, মুরগি ও মাছের খাদ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন বলে জানান তিনি। অর্থসংকটে পরিকল্পিত জৈব সার উৎপাদনও শুরু করতে পারছেন না। গিয়াস উদ্দিনের অভিযোগ, খামার প্রতিষ্ঠার পর থেকে সরকারি কোনো সহযোগিতা পাননি।
কর্মকর্তাদের বক্তব্য
শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. নিজাম উদ্দিন সামস্ বলেন, বিষয়টি তাঁর মনে নেই। তবে এ বিষয়ে তিনি অবগত হয়েছেন এবং সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলী বিষয়টি দেখাশোনা করছেন। সহকারী প্রকৌশলী মেহেদি হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব উল আলম বলেন, গিয়াস উদ্দিন একজন সফল উদ্যোক্তা। তাঁর বিষয়ে মন্ত্রণালয়ে জানানো হয়েছে এবং খামারটি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শনের কথা রয়েছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেও অর্থ না পাওয়ার বিষয়টি তিনি জেনেছেন বলেও জানান।
খামারটি টিকিয়ে রাখতে সৌরবিদ্যুতের পাওনা পরিশোধ এবং প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন উদ্যোক্তা।




