অনলাইন ডেস্ক: ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে নারীদের সঙ্গে পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের (৪১) বিরুদ্ধে।
পুলিশের প্রাথমিক তদন্তে চেন ইয়ংয়ের মোবাইল ফোন বিশ্লেষণ করে গত তিন মাসে অন্তত ১৫ নারীর সঙ্গে একই ধরনের সম্পর্ক গড়ে তোলার তথ্য পাওয়া গেছে। তাদের কয়েকজনকে বিয়ের প্রলোভনে ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগও রয়েছে।
চেন ইয়ং গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন বয়সী কয়েকজন নারী মানিকগঞ্জ সদর থানায় এসে তাকে স্বামী বলে দাবি করেন। তাদের মধ্যে সাভার থেকে আসা এক নারীও ছিলেন।
পুলিশের প্রাথমিক তদন্ত
পুলিশের দাবি, চেন ইয়ং প্রথমে টিকটকের মাধ্যমে নারীদের সঙ্গে পরিচিত হতেন। পরে প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ের প্রতিশ্রুতি দিতেন। বিশ্বাস অর্জনের জন্য বিয়ের নকল স্ট্যাম্প পেপার তৈরি করে নারীদের ঢাকায় ভাড়া বাসায় নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় চেন ইয়ংকে গ্রেপ্তারের পর তার মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়। মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে অন্তত ১৫ নারীর সঙ্গে একই ধরনের সম্পর্কের তথ্য মিলেছে। সম্পর্কগুলোর ধরন, কতজনকে বিয়ে করেছেন এবং অন্য কোনো নারীকে ধর্ষণ বা নির্যাতন করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, চেন ইয়ং বাংলাদেশে ব্যবসায়িক যোগাযোগের কথা বলে এসেছিলেন। চীনে তার একটি ছোট অটোগ্যারেজ রয়েছে এবং সেখানে তিনি চালকের কাজ করতেন বলে জানিয়েছেন। গত ১২ আগস্ট ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসেন তিনি। তার স্থানীয় আর্থিক লেনদেন এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত করছে।
স্কুলছাত্রীকে উদ্ধারের দাবি পুলিশের
এর আগে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে মানিকগঞ্জের এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার পরদিন ওই শিক্ষার্থীর বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মঙ্গলবার রাতে ওই শিক্ষার্থী তার বড় বোনকে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁয় ডেকে নেওয়ার পর ঢাকায় একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে সে অভিযোগ করে।
বড় বোনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা পূর্ব থানার আওতাধীন ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জুলুস খান পাঠান জানান, বুধবার (২৫ নভেম্বর) আদালতের মাধ্যমে চেন ইয়ংকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।




