অনলাইন ডেস্ক: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক নির্মূলে পরিবার থেকে সচেতনতা শুরু করার পাশাপাশি এলাকার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাইকদি, ভাটেরগাঁও, কর্দি ও পাঁচগাঁও মাদক নির্মূল কমিটির উদ্যোগে সভাটি আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুর রহমান মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ছিদ্দিক। তিনি মাদক প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা, পরিবারের সন্তানদের প্রতি নজরদারি এবং এলাকার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
একরামুল ছিদ্দিক বলেন, মাদক নির্মূলে প্রশাসন এলাকাবাসীর পাশে ছিল, আছে এবং সবসময় থাকবে। তাঁর বক্তব্য অনুযায়ী, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে পরিবার, সচেতন নাগরিক ও তরুণ প্রজন্মকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউছুফ আলী এবং সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ।
অনুষ্ঠানের একপর্যায়ে এলাকার মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
সভায় বক্তারা যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পারিবারিক সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।




