অনলাইন ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের মালরা গ্রামের উদ্যোক্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন। দীর্ঘদিন প্রবাসে থাকার পর ২০১৯ সালে দেশে ফিরে প্রায় কোটি টাকা ব্যয়ে নিজ এলাকায় ‘আব্দুর রহমান এগ্রো ফার্ম’ গড়ে তোলেন তিনি। খামারের বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন করে আশপাশের পরিবারে গ্যাস সরবরাহের পাশাপাশি সৌরবিদ্যুতের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ করছেন। তবে গত সাত মাস ধরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেও কোনো অর্থ পাননি বলে জানিয়েছেন তিনি।
গিয়াস উদ্দিনের খামারে গরু, মুরগি ও মাছের চাষ রয়েছে। বর্তমানে সেখানে ৩১টি গরু ও ২ হাজার ৭০০ মুরগি রয়েছে। এসব থেকে প্রতিদিন গড়ে ১৩০ লিটার দুধ ও ১ হাজার ৮০০ ডিম পাওয়া যায়।
২০২২ সালে খামারের বর্জ্য কাজে লাগিয়ে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করেন তিনি। ওই প্লান্ট থেকে আশপাশের ১৬টি পরিবারে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে প্রায় এক বছর আগে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে আলোচনা করে ৯ হাজার ৬০০ ওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করেন তিনি। সাত মাস আগে বিদ্যুৎ কর্তৃপক্ষ প্রকল্পের কাজ শেষ করে এটিকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করে।
মিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জাতীয় গ্রিডে ২ লাখ ২১ হাজার ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। তবে সাত মাসেও বিল বা কোনো অর্থ পাননি বলে জানান গিয়াস উদ্দিন।
খামারের বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের পরিকল্পনা থাকলেও প্রয়োজনীয় অর্থের অভাবে এখনো কাজ শুরু করতে পারেননি তিনি। তাঁর দাবি, খামার প্রতিষ্ঠার পর থেকে কোনো সরকারি সহযোগিতা বা বিশেষ সুবিধা পাননি। পাশাপাশি গরু, মুরগি ও মাছের খাদ্যের দাম বাড়ায় উৎপাদন ব্যয় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।
গিয়াস উদ্দিন বলেন, প্রকল্পের কাজ শেষ হওয়ার পর বিদ্যুৎ কর্তৃপক্ষ তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো আশ্বাস পাননি তিনি।
শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নিজাম উদ্দিন সামস্ বলেন, বিষয়টি তাঁর মনে নেই, তবে সাংবাদিকদের মাধ্যমে অবগত হয়েছেন। সহকারী ইঞ্জিনিয়ার বিষয়টি দেখছেন বলে জানান তিনি। প্রকল্পের কাজ চলার সময় সেখানে কয়েকবার গিয়েছিলেন বলে জানান ডিজিএমের গাড়িচালক মো. নুরুদ্দিন। তবে সহকারী ইঞ্জিনিয়ার মেহেদি হাসানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব উল আলম বলেন, গিয়াস উদ্দিন একজন সফল উদ্যোক্তা। বিষয়টি উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে মন্ত্রণালয়ে জানানো হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাঁর খামার পরিদর্শনের কথা রয়েছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেও অর্থ না পাওয়ার বিষয়টি উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।




