অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাফুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক আলমগীর হোসেন মোল্লা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহবুব আলম পাঠান। বিশেষ অতিথি ছিলেন আজিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ তৌহিদুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক গাজী মুমিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কামরুল ইসলাম পাটোয়ারী ও সদস্য ফোরকান খানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীর জীবনের ভিত্তি। এই ভিত্তি শক্ত হলে ভবিষ্যৎ শিক্ষাজীবন আরও সুন্দর ও সফল হয়। পঞ্চম শ্রেণি শেষে শিক্ষার্থীরা নতুন শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবেশে যাবে। তাই পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। আগামী দিনেও শিক্ষার্থীদের প্রতি শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা কেক কেটে বিদায় উদযাপন করে। অতিথিরা তাদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। পরে আজিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ তৌহিদুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সফলতার পাশাপাশি বিদ্যালয় ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করা হয়।




