অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ও হাইমরচর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা নতুন চরের সীমানা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সার্ভেয়ারের সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর নেতৃত্বে সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হয়। এতে বিভিন্ন মৌজার জমির মালিকসহ প্রায় দুই শতাধিক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
সীমানা নির্ধারণকালে নীলকমল ইউনিয়নের পক্ষে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাস্টার, সহ-সভাপতি ইসহাক খোকন, প্রচার সম্পাদক সিরাজ হাওলাদার এবং ব্যবসায়ী অলিউর রহমান রাজু সর্দার প্রতিনিধিত্ব করেন।
হাইমচর ইউনিয়নের পক্ষে প্রতিনিধিত্ব করেন ৫নং হাইমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন সরকার, ইউনিয়ন বিএনপির সভাপতি ওবায়দুল্লাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক সুলতান মাঝি, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন লিটন সরকার এবং বিএনপি নেতা ইউপি সদস্য মমিন দালাল।
এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাসু মাঝি, উপজেলা কৃষক দলের সভাপতি আলী আকবর টেলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর এবং উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সবুজ হোসেন পেদাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ হওয়ায় এলাকার জমির মালিক ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানানো হয়েছে।




