অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মঙ্গলবার একদিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট নগরীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পৃথক সমন্বয় সভায় নিরাপত্তাসহ সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়েছে। সফরের প্রস্তুতি ইতোমধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।
সফরকে সামনে রেখে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে হযরত শাহপরান (রহ.)-এর মাজার এলাকার প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি মাজার এলাকা ঘুরে দেখে রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিটি করপোরেশনের প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে কর্মকর্তাদের কাছে খোঁজ নেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। তিনি জানান, রাষ্ট্রপতি যাতে স্বাচ্ছন্দ্যে দুই মাজার জিয়ারত করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সিসিক প্রশাসক আরও বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন ও সংস্কারকাজ নিয়মিতভাবে করা হয়। রাষ্ট্রপতির সফর উপলক্ষে এসব কাজ আরও গতিশীল করা হয়েছে।
এদিকে সফর নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার, যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সফর উপলক্ষে সমন্বয় সভা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা পরিকল্পনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানগুলোর নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ নিয়ে আলোচনা হয়। জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি সংস্থাগুলোর সমন্বয়ের বিষয়েও আলোচনা করা হয়।
রাষ্ট্রপতির সফর সফল ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এসএমপি কমিশনার। সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




