অনলাইন ডেস্ক: চাঁদপুর সদর উপজেলায় ভরণপোষণ না দেওয়া, মারধরের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, বসতঘর থেকে বের করে দেওয়া এবং হত্যার হুমকির অভিযোগে ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা মা।
সোমবার (৫ অক্টোবর) চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব অডিটোরিয়ামে মেয়ে ও নাতনিকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলার ৮ নম্বর বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদি গ্রামের বাসিন্দা মোছা. সুফিয়া বেগম। তিনি মৃত দেলোয়ার হোসেন খানের স্ত্রী।
লিখিত বক্তব্যে সুফিয়া বেগম অভিযোগ করেন, তার ছেলে মনির হোসেন খোকা নিয়মিত ভরণপোষণ দেন না। বিভিন্ন সময়ে টাকা দাবি করা হয় এবং টাকা দিতে না পারলে অশ্লীল ভাষায় গালমন্দ করা হয়। স্বামীর মৃত্যুর পর পাওয়া সম্পত্তি বিক্রি করে ছেলেকে টাকা দেওয়ার জন্যও চাপ দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। একপর্যায়ে হত্যার হুমকি দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুফিয়া বেগম দাবি করেন, তার ছেলে নিয়মিত নেশা করেন এবং নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই এ ধরনের কর্মকাণ্ড করেন।
সুফিয়া বেগমের মেয়ে জাহানারা বেগম অভিযোগ করেন, তার ভাই বিভিন্ন সময়ে তার কাছ থেকে ৮ লাখ টাকা নিয়েছেন। টাকা ফেরত চাইলে গালমন্দ এবং সম্পত্তি তার নামে লিখে না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে তিনি দাবি করেন। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সুফিয়া বেগম তার বাড়িতে অবস্থান করছেন বলে জানান জাহানারা।
নাতনি মাওয়াই জান্নাত অভিযোগ করেন, বিয়ের পর তার স্বামী নানা ও মামার কাছ থেকে একটি সম্পত্তি কিনে তাদের নামে রেজিস্ট্রি করেন। তবে তারা সম্পত্তিটি ভোগদখল করতে পারছেন না। তার অভিযোগ, মনির হোসেন খোকা সম্পত্তি দখলের জন্য পুনরায় ৫০ লাখ টাকা দাবি করেছেন এবং টাকা না দিলে ভোগদখল করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন।
মাওয়াই জান্নাত জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
সুফিয়া বেগম অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।




