অনলাইন ডেস্ক: হাইমচর উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মুনসুর গাজী (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন।
মৃত্যুকালে তিনি চার মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মুনসুর গাজী দৈনিক চাঁদপুর ও দৈনিক মতলবের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মো. হোসেন গাজীর বাবা।
তাঁর মৃত্যুতে হাইমচর উপজেলা বিএনপি ও হাইমচর প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
রোববার বাদ আছর মহজমপুর দারুস সালাম জামে মসজিদ মাঠে মুনসুর গাজীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মোস্তফাসহ নেতাকর্মীরা অংশ নেন।
জানাজার আগে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিউদ্দিন স্বপন আহমেদ বেপারীর পরিচালনায় নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আশপাশের মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মহজমপুর দারুস সালাম জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মুনসুর গাজীকে দাফন করা হয়েছে। শোক প্রকাশকারীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের শোক কাটিয়ে ওঠার শক্তির জন্য দোয়া করেন।




