অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের কাশিমপুর গ্রামে পার্কিং করা একটি পিকআপ গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।
স্থানীয়দের ভাষ্য, বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে হাজীগঞ্জ থানা পুলিশ কোনো তথ্য পায়নি বলে জানিয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক সোহেল মিয়া ঘটনাটি জানান। তাঁর ভাষ্য, সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি গাড়িটির এই অবস্থা দেখতে পান। রাতে দুর্বৃত্তরা প্রথমে গাড়িটি চুরির চেষ্টা করে এবং পরে এতে আগুন ধরিয়ে দেয় বলে তিনি দাবি করেন।
সোহেল মিয়ার তথ্য অনুযায়ী, আগুনে পিকআপের সামনের কেবিন, ইঞ্জিন, সামনের গ্লাস ও ভেতরের অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। পেছনের বডির কিছু অংশ টিকে থাকলেও সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
ঘটনার বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভুঁইয়া বলেন, গাড়ি পুড়ে যাওয়ার কোনো ঘটনার তথ্য তিনি পাননি। এ ঘটনায় কেউ থানায় অভিযোগও করেনি।




