অনলাইন ডেস্ক: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৯ ও ৩০ নভেম্বর চাঁদপুরে সমাবেশ ও মিছিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে চাঁদপুর জেলা যুবদল। সভায় নেতারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও কুমিল্লা বিভাগীয় যুবদলের সমন্বয়ক মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ।
ফিরোজ আবদুল্লাহ বলেন, চাঁদপুর জেলা যুবদলের নবগঠিত কমিটি দক্ষ হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। ত্যাগের পরও কেউ যেন বাদ না পড়েন, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর বিএনপির হাতে তাদের কোনো নেতাকর্মী নিহত হননি এবং বিএনপির নেতা তারেক রহমান সবাইকে ক্ষমা করে দিয়েছেন। তবে আওয়ামী লীগ সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের নিরাপত্তায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান ফিরোজ আবদুল্লাহ।
ক্ষমতা দিয়ে নয়, ইনসাফ দিয়ে মানুষের মন জয় করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফিরোজ আবদুল্লাহ।
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন আকাশের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় সহ-সমন্বয়ক এজমল হোসেন পাইলট। জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আশরাফুর রহমান বাবু।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ নাছির উদ্দিন সরকার শাওন।
সভায় বক্তারা বলেন, হাসপাতাল ও থানার মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়া কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে তা প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় চাঁদপুরের বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




