অনলাইন ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের পুনঃসজ্জিত পাঠাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর ২০২৬) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে পাঠাগারটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মামনুল হক।
উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক, এমপি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রূপনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন। এ ছাড়া বিএনপির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী এবং কৃতী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা পুরস্কার তুলে দেন।




