অনলাইন ডেস্ক: আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয়ের দাবি, হামলায় অন্তত ২২ জন জঙ্গি নিহত হয়েছে। নিহতরা ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সদস্য বলে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, ‘অপারেশন গজব লিল-হক’-এর অংশ হিসেবে আফগানিস্তানের দুটি এলাকায় জঙ্গিদের ক্যাম্প ও গোপন আস্তানায় পরিকল্পিত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব স্থাপনা লক্ষ্য করা হয়েছিল বলে দাবি করেছে মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, লক্ষ্যস্থলগুলো ‘ফিতনা আল-খাওয়ারিজ’, ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও তাদের সহযোগীদের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় ২২ জন জঙ্গি নিহত হয়েছে। একই সঙ্গে ঘাঁটিগুলোতে মজুত অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে বলেও জানিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের দাবি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশটি কাজ করে আসছে। তবে পাকিস্তানের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আফগানিস্তান সন্ত্রাসবাদের একটি কেন্দ্র হিসেবে রয়ে গেছে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের হুমকি সেখান থেকেই আসছে বলে উদ্বেগ জানিয়েছে ইসলামাবাদ। এ কারণে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ‘আজম-ই-ইস্তেহকাম’ নীতির আওতায় ‘গজব লিল-হক’ নামে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। বিদেশি মদদ ও সহায়তায় পরিচালিত সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।




