অনলাইন ডেস্ক: দেশের শিল্প-সংস্কৃতি বিকাশে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঐতিহ্যবাহী প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র ভূমিকা অসামান্য। দীর্ঘ বিরতির পর গত বছর পুনরায় চালু হওয়া এ আয়োজনে মিলেছিল দারুণ সাড়া। সেই ধারাবাহিকতায় এবার শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি ২০২৬’.
আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে এবারের আসরের নিবন্ধন শুরু হবে। নিবন্ধন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রতিযোগীরা অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই আবেদন করতে পারবেন।
বাছাই প্রক্রিয়া
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতাটি সম্পন্ন করতে দেশকে ১৮টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক বাছাই এবং ৮টি বিভাগে বিভাগীয় বাছাই অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্বে উত্তীর্ণরা ঢাকায় অনুষ্ঠেয় চূড়ান্ত বাছাইয়ে সেরা ১০-এ অংশ নেওয়ার সুযোগ পাবেন। এরপর সেরা দশের মধ্য থেকে বিজয়ীদের নিয়ে মূল ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এবারের প্রতিযোগিতায় ১৮টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় খুদে প্রতিযোগীরা অংশ নেবে। বিষয়গুলো হলো—অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, সাধারণ নৃত্য, লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য, ছড়াগান, দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুল সংগীত, দলীয় নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকসংগীত, যন্ত্রসংগীত, হামদ-নাত ও ক্বিরাত। ছড়াগানে শুধু ‘ক’ শাখার প্রতিযোগীরা অংশ নিতে পারবে।
বয়সসীমা ও আবেদনের নিয়ম
‘ক’ শাখায় ৬ থেকে ১১ বছরের নিচের এবং ‘খ’ শাখায় ১১ থেকে ১৫ বছর বয়সীরা অংশ নিতে পারবে। ক্বিরাত প্রতিযোগিতা একক শাখায় হবে; এতে ১২ থেকে অনূর্ধ্ব ১৭ বছর বয়সীরা অংশ নিতে পারবে। ক্বিরাতের প্রতিযোগিতা সরাসরি বিভাগীয় ও ফাইনাল—এই দুই ধাপে অনুষ্ঠিত হবে।
নিয়ম অনুযায়ী, একজন আবেদনকারী সর্বোচ্চ তিনটি একক বিষয়ে এবং দলীয় বিষয়সহ চারটি বিষয়ে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ টেলিভিশনের www.btv.gov.bd এবং নতুন কুঁড়ির অফিসিয়াল ওয়েবসাইট www.notunkuri.gov.bd-এ পাওয়া যাবে।




