অনলাইন ডেস্ক: ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ‘বাংলা কিউআর’ভিত্তিক লেনদেন আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই ব্যবস্থায় কিউআর কোডের মাধ্যমে লেনদেনে কোনো ফি বা চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন এবং কিউআর কোডভিত্তিক লেনদেন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, সরকারি উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এর জন্য বাড়তি কোনো চার্জ বা ফি দিতে হবে না।
তিনি বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে। সাধারণ মানুষ, ফুটপাতের বিক্রেতা ও ছোট ব্যবসায়ীরা যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর হিসাবে সহজে কিউআর কোডের মাধ্যমে টাকা নিতে পারবেন। এতে নগদ অর্থ বহনের প্রয়োজন কমবে এবং লেনদেন সহজ ও দ্রুত হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব। বিশ্বের অনেক উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন ইতোমধ্যে সহজ ও নিরাপদ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকও এই আন্তর্জাতিক চর্চাকে দেশে সর্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার সরকারি উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।




