অনলাইন ডেস্ক: রোববার (৪ অক্টোবর) দেওয়া নোটিশে বিএনপি নেতা স্বপন মাহমুদকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নোটিশে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।
নোটিশে বলা হয়েছে, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়াতে গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাদের চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।
তবে নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত ও নির্দেশনা অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।
এ কারণে দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নোটিশ অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে হবে।




